Monday, October 5, 2015

ভগবান দেখার পদ্ধতি --এক ---পিনাকী হালদার


 নিচের পদ্ধতিতে ভগবান দেখুন,
দেখতে পেলে শেয়ার করুন -
দেখতে না পেলে কেয়ার করবেন না ।।
 অন্ধকার রাতে কাচের জানলা দিয়ে
ছিটেফোটা বৃষ্টি খুঁজেছেন ?
কিভাবে বুঝবেন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না ?
ছাতাটা নেবেন কিনা ?
শব্দটা শোনা যাচ্ছে না,
কারণ জানলাটা বন্ধ করেছেন ।
ইন্দ্রিয়দের কাজে লাগছে না, সব স্তব্ধ, বন্ধ ।
 এবারে সান্ত্বনা ?
চলুন অনুসন্ধান করি চেতনা ।।
হয়ত বৃষ্টি হচ্ছে কিংবা হচ্ছে না । কিছুতো
একটা ঠিক !
এই মুহূর্তের খুব ধ্রুব এই সত্যিটা আপনি জানেন না ।
 দেখুন, অকাট্য সত্যও কিভাবে পরিবেশে অজানা
হয়ে দাঁড়ায়, অলৌকিক ?
অবশ্য ...
আপনি চাইছেন জানতে,
 সেই মুহূর্তে আপনি জ্ঞানী –
 বিশ্বের সব নিঃশ্বাস নেওয়া আস্তে আস্তে
ধীর গতিতে যদি ভাবা যায় –
সেই সময় আপনার ইচ্ছেরা মনে প্রানে সন্ধানী ।
খুঁজছেন চোখ দিয়ে, অন্ধকারে এক চিলতে বৃষ্টি –
 যদি দেখতে পেয়ে যান আর কি ।
কিন্তু পেলেন না ।।
হঠাৎ বাইরে যদি কিছু কোনাকুনি আলো সার্চ টর্চ জ্বালায় –
 আপনি দেখতে পাবেন। বুঝতে পাবেন,
সত্যি কথাটা জানতে পাবেন – বৃষ্টি হচ্ছে কিনা !
 জ্ঞানের নামই চেতনা ।
এবারে দেখুন ভগবানকে -
 আপনি কি দেখলেন ? বৃষ্টি হচ্ছে –
 বৃষ্টি তো এতক্ষণও হচ্ছিলো ।
আপনি শুধু জানতেন না ।
কারণ আপনার ইন্দ্রিয় বল অক্ষম, না বুঝেই কত
ভাবছিল, শুধু মনেই জ্ঞানের ইচ্ছে । মনের নামও তো ঈশ্বর সেকথা মনে থাকছিল না !
তারপর সেই আলো -
কে দেখালো ?
ধরুন আমি বা জোনাকি হাবিলদার –
 কিংবা একটা মেঘ সরে গেলো -
পরিবেশটা খারাপও হতে পারে, অথবা ভালো !
যে কোনো পরিস্থিতিই হতে পারত – বাই চান্স
আলো এলো ।
নাকি আপনি মনে মনেই চাইছিলেন –
মুছে যাক এই অন্ধ অজ্ঞানতার কালো ?
সে চাওয়াকে প্রার্থনা বলে, আমেন ।
সেই আলোতেই কিন্তু সত্যটা জানা গেলো,
ভগবান দেখা দিল ।।
অথচ আপনি কিন্তু আলোটা দেখতে পেলেন না –
আলোর মধ্যে দেখলেন বৃষ্টি এখনো পড়ছে ।
(ছাতাটা কিন্তু নিয়ে বেরোবেন !)
 ওই আলোটাই ভগবান যা আপনাকে সত্যের জ্ঞান দিল –
ভগবান দেখা যায়না রে বোকা আলোটা সত্যি ছিল ।।
--- © পিনাকী হালদার (০৫/১০/২০১৫)—

No comments:

Post a Comment