Tuesday, October 6, 2015

একান্তে ---কুন্তলা চক্রবর্তী


স্মৃতি সতত সুখের নয়।
ভালো থাকার জন্যই
কিছু ভুলে থাকতে হয়।
স্মৃতি সতত সুখের নয়।
রোমন্থনে বেরিয়ে আসে
মনের ফাটাফুটি।
 দগদগে ঘা চুঁইয়ে রক্ত,
রাতের ঘুমটি মাটি!
 কবরচাপা থাকুক বরং
বুকের কাটাকুটি।
রোমন্থনে বেরিয়ে আসে মনের ফাটাফুটি।
 বরফচাপা পড়ুক যত
অন্ধকারের শব।
হাতে থাকুক রঙপেয়ালায়
ভরা সুখ আসব।
উষ্ণায়ণে সামলে চলে,
বরফ যেন না যায় গলে,
 কি দরকার ব্যবচ্ছেদের
সে নগ্ন বাস্তব?
বরফচাপা পড়ুক যত
অন্ধকারের শব।
দিন কাটুক হেসে, খেলে।
স্মৃতি যদি পিছনে টানে,
অশ্রু যদি বাধা না মানে,
জবরদস্তি হাসবো তখন
মনের ঢাকনা খুলে।
কাটুক না হয় দিনগুলো সব
একটু হেসে, খেলে।
আসবে যখন আলোর দেশে
হারিয়ে যাওয়ার ডাক।
আলোর কিরণ গায়ে মেখে,
অভিযোগ সব সরিয়ে রেখে,
হাসতে হাসতে উঠবো রথে,
 এই কথাটি থাক।
 আলোর বেগে পেরিয়ে যাবো
দুঃখ স্মৃতির বাঁক।
আসবে যখন আলোর দেশে
হারিয়ে যাওয়ার ডাক।

No comments:

Post a Comment