Saturday, October 17, 2015

পরাজয়ের খুশি ---অনাদি চক্রবর্তী


জানলা দিয়ে দেখতে পেয়ে,
ডাকল ইশারায়।
কাছে এলে, বলল মোরে
" ঘরের ভেতর আয়।"
বলব কি ভাই, ঘর তো সে নয়,
আজব কারখানা।
দিবা-নিশি চলছে সেথায়
জ্ঞানের সাধনা।
"যাচাই করে দেখি তোকে
কেমন বুদ্ধি ঘটে তোর্।
সহজ একটা প্রশ্ন করি
দে দেখি উত্তর্।"
বিপদ বুঝে আমি বলি
"আসব না হয় পরে।"
ঘাড়টি ধরে বলে খুড়ো,
"বস চুপটি করে।
বলত দেখি কখন মোদের
হারতে ইচ্ছে হয়?
খুশীতে প্রাণ উথলে ওঠে
ঘটলে পরাজয়?"
প্রশ্ন শুনে আমার তো ভাই
ঘুরতে থাকে মাথা।
হারার ইচ্ছে! হারায় খুশী!
এ কি আজব কথা।
"পারবি না তো? ঠিক জানতাম,
এ তোর কম্ম নয়।
জেনে রাখ উত্তরটা,
ঘটবে বোধদয়।
গুরু চান তার যেন
শিষ্য এমন হয়,
যার কাছে ঘটবে গুরুর
খুশির পরাজয়।
জেনে রাখিস পিতা-মাতা
তাতেই খুশী রয়,
যদি সন্তানেরা তাদের চেয়ে
আরো বড় হয়।
সম্মানে ও জ্ঞানে গুণে
বিশ্ব করুক জয়,
প্রকৃত শিক্ষাগুরু
এটাই শুধু চায়।
জেনে রাখিস, এসব হারা
আসল 'হারা' নয়।
হারতে পেলে এমন করে
খুশীর জোয়ার বয়।"
মুগ্ধ হয়ে বলি " খুড়ো!
বললে খাঁটি কথা।
পরাজয়ও খুশীর যে হয়,
আগে বুঝি নি তা।"

No comments:

Post a Comment