Sunday, May 3, 2020

করোনার প্রতি কবির ভর্ৎসনা-------- নির্মলেন্দু গুণ



হে পাষাণ, হে দৈত্যাসুর, হে নিষ্ঠুর করোনা, আমি তোমার বিরুদ্ধে একটি কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছি। তোমার বিরুদ্ধে
আজ 'একটি মোক্ষম কবিতা লেখা হবে'।
ঐ কবিতার ভিতরে, ছত্রে-ছত্রে, শব্দে-শব্দে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে তোমার মরণবীজ।
এখনও আমি একটু দ্বিধার ভিতরে আছি।
কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে।
তুমি কি প্রকৃতিসম্ভূত?
পড়েছো আকাশ থেকে?
নাকি চাপা প'ড়ে ছিলে
'অনন্ত বরফবীথি' তলে?
এখন বরফ গলেছে বলে,
মুক্তি-পাওয়া দৈত্যেবৎ
তুমি ছড়িয়ে পড়েছো বিশ্বে?
হানা দিচ্ছো দেশে দেশে
মানুষের রক্তে, ফুসফুসে?
নাকি তুমি মনুষ্যসৃষ্ট?
দূর-পাল্লার Virus Missile?
অভিশপ্ত উহানের লেভেল-ফোর
গবেষণাগারেই কি জন্ম তোমার?
তোমার জন্মের প্রয়োজনে
তুমি চীনকেই বেছে নিলে কেন?
কিছু মনে করিস না, তোর সংক্রমণে নিহত
লক্ষ-লক্ষ মানব-মানবীর শবের ওপরে তোর ছন্দমুদ্রাহীন ভূতনৃত্য দেখে,
অক্ষম ক্রোধে ও ঘৃণায় আমি নেমে আসছি 'তুমি' থেকে 'তুই'য়ে।
এই পৃথিবীতে এসে তুই যা করেছিস-
তুই তো অবশ্যই জাহান্নামে যাবি, করোনা,
তোর জন্য অপেক্ষা করছে রৌরব নরক,
The Hell is waiting for you.
মানুষের অন্তহীন ঘৃণা ও বীভৎস ভর্ৎসনাই জুটবে তোর ভাগ্যে চিরদিন, চিরকাল।
হে ঘৃণ্য, অদৃশ্য-ঘাতক, হে মহামহাপাতক;
তোর রক্ষা নেই, তোর ফাঁসি তো হবেই।
মনুষ্য-আবিষ্কৃত কোভিড-ভেকসিনে জানি
অচিরেই এবং অবশ্যই অক্কা পাবি তুই।
তার আগে আমার কথা শোন, ফাঁসির মঞ্চে যাবার আগে তুই পৃথিবীকে বলে দিয়ে যা--
Who made you? Who are the masterminds? তুই কোন্ ইতরের তৈরি?

নয়াগাঁও
পুনর্লিখন
২১ এপ্রিল ২০২০

No comments:

Post a Comment