মেয়েটিকে ওরা 'বঞ্চনা' নামেই ডাকে
আমি বলি আলো, কখনো বা আশা
কেমন আছো তুমি আলোর মেয়ে?
তোমার কুশল জিজ্ঞাসা করাটা আসলে অন্যায়
কেননা তোমাকে কখনো খারাপ থাকতে নেই
তোমাকে তো ভালো থাকতেই হয়
তোমার ক্ষুধা তোমার তৃষ্ণা গিলে খেয়েছে যে অসহ্য লকডাউন
তাকে তুমি দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে এসেছো সাতসকালে
তোমার দুর্জয় পায়ের কাছে তুচ্ছ সব ব্যারিকেড,পুলিশের বাঁশি
কেননা তোমার আছে চাকুরি হারানোর ভয়
ঘর হারানোর ভয়
যে ভয়ের কাছে হেরে যায় ভয়াল করোনা
তোমার হাড়িতে ভাত ফুটুক নাইবা ফুটুক
তাতে কিছুই যায় আসে না
তোমার ঘরের ভাড়া বাকি,গ্যাসের বিল বকেয়া পড়ে আছে
তোমার ওষুধ কেনার পয়সা নেই
তাতে কিছুই যায় আসে না
তোমার মায়ের শরীরে থোকা থোকা ক্যানসার
সে তো আমারই এই সোনার বাংলাদেশ
তোমার সন্তান অপুষ্টিতে ভুগছে
সে তো আমার জন্মের ইতিহাস
প্রতিদিন তোমার পবিত্র রক্তে বেড়ে ওঠে ওরা
আলিশান আঙিনায় বসে তোমার নিমক খায়
আনন্দ ঢেকুর তোলে ইফতার-সেহেরিতে
কত সামান্যই তোমার শ্রমের মূল্য
যা দিয়ে একটি রাতের গোলাপী বোতলও কেনা যায় না
অথচ তোমার অমূল্য মজুরি চুরি করেই ওরা গড়ে তোলে বৈভবের বাড়ি
প্রতিদিন তুমি রৌদ্র ছড়াতে ছড়াতে আসো
আশা আর প্রত্যাশার বোতামগুলো লাগিয়ে দাও সভ্যতার ভাঁজে ভাঁজে
আবার মৃত্যুকে সাথে করে ফিরে যাও খুপরিতে
তোমার নকল মাস্ক আর সস্তা গ্লাভসের ভেতরেই মৃত্যু বসে থাকে
তোমার বহুল ব্যবহৃত সাবানেই লেপ্টে থাকে ভাইরাস
তুমি চলে যাবে, যাও! তাতে যায় আসে না কিছুই
তোমার নাম তো ওরা রেখেছে 'বঞ্চনা'
তোমার মৃত্যু হলে নতুন কোনো 'বঞ্চনা' আবার আসবে
তোমার দুঃখের সুতোয় সেলাই করা রঙিন জামা পরে
তোমার মৃত্যুর আনন্দ - আয়োজনে আমি দাঁড়িয়ে আছি
আমি দেখছি, কী চমৎকার লেখা আছে তোমার কফিনে
'মেড ইন বাংলাদেশ' !
-----------------------------
০১ ম ২০২০

No comments:
Post a Comment