Friday, June 10, 2016

আর কত গুপ্ত হত্যা

মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন আর কত গুপ্ত হত্যা ,আর কত রক্ত , আর কত মায়ের বুক খালি ,আর কত স্ত্রীর পরনে বিধবার বস্ত্র তথা শাখা সিঁদুর তোলার দৃশ্য ,আর কত চোখের জল ঝরলে শান্ত হবে রক্তাক্ত থাবা ? বন্ধ করুন এসব ,প্লিজ বন্ধ করুন ।এ দায় আপনার , প্রায় সতের কোটি জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনার ।জঙ্গি ,সন্ত্রাসীরা আপনার দলের হতে পারে না ওদের কোন দল নেই।তাদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করুন।গত জানুয়ারি হতে একের পর এক পঁয়তাল্লিশটি গুপ্ত হামলার মাধ্যমে সাতচল্লিশ জন মানুষ হত্যা করা হয়েছে ।গত কয়েক দিনে ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল , নাটোরে খ্রিস্টান মুদি দোকানী ,পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী খুন , সবশেষ আজ পাবনার অনুকুল ঠাকুরের আশ্রম সহকারী খুন ।এভাবে আর কত ? কারা কিলিং মিশন নিয়ে মাঠে নেমেছে ।কারা একের পর এক হত্যা করছে এই সকল ভিন্ন মত পথের মানুষকে।এর সাথে বিএনপির আসলাম সাহেবের মোসাদের ষড়যন্ত্র ,আই এস এর সক্রিয়তা ,বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র ,জামায়াত -শিবিরের চক্রান্ত ,যুদ্ধ অপরাধীদের বাঁচাতে অপকৌশল ,নাকি আপনার দলের বিএনপি কে চেপে ধরার কুটকৌশল তা আপনাকেই পরিষ্কার করতে হবে ।এর পেছনে যে মদতদাতা থাক না কেন তাদের আর ছাড় দেবার সুযোগ নাই।ছাড় দিতে দিতে পিঠ দেয়ালে ঠেকেছে।বিচারহীনতা যে সংস্কৃতি তৈরি হচ্ছে -তাতে এক সময় আপনাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।আজ হতে যে সাড়াসি অভিযান শুরু হয়েছে তাতে যেন দলীয় রাজনীতির অপপ্রবেশ না ঘটে ।সঠিক অভিযানে যদি পুলিশের ভূমিকা মানবাধিকারে প্রশ্নবিদ্ধ হয় তাও মানুষ তাকিয়ে আছে গুপ্ত হত্যা বন্ধের আশায়।যদিও বিচারহীন প্রতিটি মৃত্যুই হত্যা ,তারপরও দেশের নিরাপত্তার স্বার্থে গুপ্ত হত্যাকারীদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করা সময়ের দাবি।স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর মত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নিয়েও আপনার ভাবা উচিত ।আপনার যোগ্য নেতৃত্ব সকল সমস্যার সমাধান করবে সেই প্রত্যাশা দেশবাসীর ।পাশাপাশি দেশবাসী সতর্ক হোন।

No comments:

Post a Comment